আল্লাহ তাআলার হামদ করার পর নিচের কথাগুলো লিখছি। হামদের অর্থ হচ্ছে এ বিষয়ে বিশ্বাস করা-আল্লাহ তাআলা একমাত্রই সকল ধরনের নেয়ামত সৃষ্টি করেন এবং আমাদের কাছে পাঠান-এই কথার স্বীকৃতি দেওয়া। নেয়ামত অর্থ হচ্ছে যা উপকারী। শোকর অর্থ হচ্ছে সকল নেয়ামত আহকামে ইসলামিয়্যা (অর্থাৎ আল্লাহ তা‘য়ালার আদেশ ও নিষেধ) অনুযায়ী ব্যবহার করা। নেয়ামতের বর্ণনা আহলুস সুন্নাহর আলিমগণের কিতাবে লেখা আছে। আহলুস সুন্নাহর আলিম হচ্ছেন-চার মাযহাবের আলিমগণ।
ইমাম গাজ্জালী (র) তার কিতাব-কিমিয়ায়ে সাআদত-এ লেখেন-যখন কোনো ব্যক্তি মুসলমান হয়, তখন তার জন্য প্রাথমিক পর্যায়ে ফরয হলো-লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুলুল্লাহ-এই বাক্যের অর্থ জানা এবং বিশ্বাস করা। এ বাক্যকে বলা হয় কালিমায়ে তাওহিদ। এ বাক্যের যা অর্থ-তার উপর বিনা সন্দেহে বিশ্বাস করা একজন মুসলমানের জন্য যথেষ্ট। যুক্তি সহকারে বা অন্তরের সন্তুষ্টির জন্য একে প্রমাণ করা তার জন্য ফরয নয়।
আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরবদেরকে এ সম্পর্কিত প্রমাণ জানতে, উল্লেখ করতে কিংবা কোনো সম্ভাব্য সন্দেহ খুঁজতে, দূর করতে আদেশ দেন নি। তিনি তাদেরকে কেবল বিশ্বাস করতে এবং সন্দেহ না করতে আদেশ দিয়েছেন। সংক্ষেপে (ইজমালীভাবে) এতে বিশ্বাস করা এবং সন্দেহ না করা-সকলের জন্যেও যথেষ্ট। তবে প্রত্যেক শহরে কিছু আলিম থাকা ফরযে কিফায়া এবং ঐ আলিমগণের উপর ওয়াজিব হলো দলিল-প্রমাণ জানা, সন্দেহ দূর করা এবং উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়া। তারা মুসলমানদের জন্য রাখাল স্বরূপ। একদিকে তারা ইমান অর্থাৎ বিশ্বাসের জ্ঞান শিক্ষা দেয়, অন্যদিকে তারা ইসলামের দুশমনদের উত্থাপিত অপবাদের জবাব দেয়। পবিত্র কুরআন কালিমায়ে তাওহীদের অর্থ বর্ণনা করে এবং আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এতে যা ঘোষিত হয়েছে তার ব্যাখ্যা করেন। সকল সম্মানিত সাহাবি এর অর্থ জানতেন এবং তাদের পরবর্তীদের কাছে ঐ অর্থ পৌঁছে দিয়েছেন। সেই সকল মর্যাদাপূর্ণ আলিমগণ-যারা সাহাবিগণ যা পৌঁছিয়েছেন তা কোনো ধরনের পরিবর্তন ব্যতিরেকে তাদের কিতাবে সংরক্ষণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন-তাঁরাই হচ্ছেন আহলুস সুন্নাহর আলিমগণ। প্রত্যেকেরই আহ্লুস সুন্নাহর আক্বাইদ অর্থাৎ বিশ্বাসসমূহ শিখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একে অপরকে ভালোবাসতে হবে। প্রকৃত সুখ নিহিত আছে এ আক্বাইদে এবং ঐক্যবদ্ধতায়। আহলে সুন্নাতের আলিমগণ কালিমায়ে তাওহীদের অর্থ এভাবে বর্ণনা করেন-মানব জাতি আগে অস্তিত্বমান ছিলো না, তাদেরকে পরে সৃষ্টি করা হয়েছে। তাদের একজনমাত্র সৃষ্টিকর্তা আছেন। তিনিই হচ্ছেন সে সত্তা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা একজনই। তার কোনো শরিক বা সমতূল্য নেই। তাঁর কোনো দ্বিতীয় নেই। তিনি চিরকাল অস্তিত্বমান। তাঁর অস্তিত্বের কোনো প্রারম্ভ নেই। তিনি চিরকাল অস্তিত্বমান থাকবেন, তাঁর অস্তিত্বের কোনো সমাপ্তি নেই। তাঁর অস্তিত্ব কখনোই লুপ্ত হবে না। তাঁর অস্তিত্ব সর্বদা আবশ্যক। তাঁর অনস্তিত্ব অসম্ভব। তিনি নিজগুণেই অস্তিত্বমান। তাঁর কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এমন কিছুই নেই যা তাঁর মুখাপেক্ষী নয়। তিনি এমন সত্তা যিনি সকল কিছু সৃষ্টি করেন এবং তাদেরকে অস্তিত্বে টিকিয়ে রাখেন। তিনি কোনো পদার্থ বা বস্তু নন। তিনি কোনো স্থান বা বস্তু থেকে পবিত্র। তিনি আকার ও পরিমাপ থেকে পবিত্র। এটা প্রশ্ন করা যাবে না-তিনি কেমন? যখন আমরা বলি তিনি তখন আমাদের মনে যা আসে বা যা আমরা কল্পনা করতে পারি-তার কোনো কিছুই তিনি নন। কোনো কিছুই তাঁর মতো নয়। সে সকল কিছুই তাঁর সৃষ্টি। তিনি তাঁর সৃষ্টির মতো নন। মনে যা আসে, প্রত্যেক ধারণা ও প্রত্যেক কল্পনা-এমন প্রত্যেক কিছুর স্রষ্টা তিনি। তিনি দিক ও স্থান থেকে পবিত্র। সমস্ত কিছুই আরশের নিচে এবং আরশ তাঁর কুদরত ও সর্বব্যাপী শক্তির অধীন। তিনি আরশের ঊর্ধ্বে তার মানে এটা নয় যে আরশ তাঁকে বহন করে। আরশ তাঁর দয়া ও সর্বশক্তির কারণে অস্তিত্বমান। তিনি অনাদিতে যেমন ছিলেন, এখনও তেমন আছেন। তিনি অনন্তকাল তেমনই থাকবেন যেভাবে তিনি আরশ সৃষ্টি করার আগেও ছিলেন। কোনো পরিবর্তন তাঁর সত্তার উপযোগী নয়। তাঁর রয়েছে সত্যিকার নিজস্ব সিফাত বা গুণ। তাঁর আটটি গুণ আছে যেগুলোকে সিফাত আস-সুবুতিয়্যাহ বলে-হায়াত (জীবন), ইলম (সর্বব্যাপী জ্ঞান), সামউ (শ্রবণ), বাসার (দর্শন), কুদরত (সর্বময় শক্তি), ইরাদা (ইচ্ছা), কালাম (কথা বা শব্দ), তাকওয়ীন (সৃষ্টি করার ক্ষমতা)। তাঁর গুণাবলিতে কোনো পরিবর্তন আসে না। পরিবর্তন ত্রুটি ইঙ্গিত করে। তাঁর কোনো ত্রুটি বা খুঁত নেই। যদিও সৃষ্টির মধ্যে কোনো কিছুই তাঁর সাথে সদৃশ নয়, ইহজগতে তাঁকে জানা সম্ভব যতটুকু তিনি জানাতে চান এবং পরজগতে তাঁর দর্শন সম্ভব যেভাবে তিনি চান। ইহজগতে তিনি জ্ঞাত তিনি কেমন তা অনুধাবন করা ব্যতিরেকেই এবং পরজগতে তাঁর দর্শন লাভ হবে, তাও দুর্জ্ঞেয় উপায়ে। দয়া করে, ‘মাকতুবাত’ ১ম খণ্ডের ৪৬তম চিঠিটি (মাকতুব) পড়ুন। ‘মাকতুবাত’ মশহুর ওয়ালী এবং আলিম ইমামে রাব্বানির (রহ.) মুজাদ্দিদে আলফে সানী শাইখ আহমদ ফারুক সিরহিন্দী (র) লিখিত অতুলনীয় গ্রন্থ। বরকতময় এ চিঠিটির ইংরেজি অনুবাদ Endless Bliss কিতাবের দ্বিতীয় খণ্ডের ছাব্বিশতম অধ্যায়ে রয়েছে।) আল্লাহ তাআলা মানবের হেদায়তের উদ্দেশ্যে নবী ও রাসুল (আলাইহিমুস সালাম) প্রেরণ করেন। এ মহান সত্তাগণের মাধ্যমে তিনি মানব জাতিকে দেখিয়েছেন কোন কাজ সুখ সমৃদ্ধি আনে এবং কোন কাজ ধ্বংস আনে। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হচ্ছেন সর্বশেষ নবী। তিনি সকলের রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন-হোক সে পুণ্যবান অথবা পাপী, প্রত্যেক স্থান এবং জগতের প্রত্যেক জাতির জন্য। তিনি সকল মানব, ফিরিশতা এবং জীনের জন্য নবী। জগতের প্রত্যেকটি স্থানে, প্রত্যেকেই তাঁকে অনুসরণ করতে হবে এবং এ সর্বশ্রেষ্ঠ রাসুলের অনুকরণ করতে হবে।1
সায়্যিদ আব্দুল হাকিম আরওয়াসি (র)2 বলেন-রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)র তিনটি কাজ ছিল। প্রথমটি ছিলো কুরআনুল করিমের জ্ঞান অর্থাৎ ইমান ও ফিকহী হুকুম আহকামের জ্ঞান মানুষের মাঝে তাবলিগ বা প্রচার করা। ফিকহী হুকুম আহকাম যেসব কাজ আদিষ্ট এবং যেসব কাজ নিষিদ্ধ-তা নিয়ে গঠিত। জ্ঞানের এ দুই শাখাকে ইসলামি আহকাম বলে। তাঁর দ্বিতীয় কাজ ছিলো কুরআনের আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীর জ্ঞানকে কেবলমাত্র উম্মাহর মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারীগণের অন্তরে পৌঁছে দেওয়া। তাঁর প্রথম কাজ তাবলীগকে তাঁর দ্বিতীয় কাজের সাথে গুলিয়ে ফেলা যাবে না। লা- মাযহাবীরা এ দ্বিতীয় কাজকে অস্বীকার করে। হযরত আবু হুরাইরা (র.) বলেন-আমি আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)র কাছে দুই প্রকারের জ্ঞান শিখেছি, তাদের মধ্যে একটি তোমাদের বর্ণনা করেছি। যদি দ্বিতীয় প্রকার ব্যাখ্যা করি, তবে তোমরা আমাকে খুন করবে। হযরত আবু হুরাইরা (র.) বর্ণিত হাদিসটি বুখারী, মিশক্বাত, হাদীক্বা এবং মাকতুবাতের ২৬৭ ও ২৬৮ নম্বর চিঠিতে বর্ণিত হয়েছে (এই চিঠিদ্বয়ের বাংলা অনুবাদ পরের অধ্যায়ে পড়া যাবে)। তৃতীয় কাজ ছিলো যে সকল মুসলমান ফিকহী হুকুম-আহকাম পালন সংক্রান্ত উপদেশ ও আদেশ পালন করে নি-তাদের উদ্দেশ্যে। এমন কি প্রয়োজন অনুসারে ফিকহী আহকাম পালনে বাধ্য করা হতো।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)র পর চার খোলাফায়ে রাশেদীনের প্রত্যেকে (রাদিয়াল্লাহু আনহুম) এ তিনটি কাজ সুচারুরূপে সম্পন্ন করেছেন। হযরত হাসান (রাদিয়াল্লাহু আনহু)-র সময় ফিতনা ও বিদ‘আহ বৃদ্ধি পেতে লাগলো। ইসলাম তিন মহাদেশজুড়ে ছড়িয়ে গেলো। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)র জ্বলানো আলো যেন স্তিমিত হওয়া শুরু করলো। সাহাবিগণের (রাদিয়াল্লাহু আনহুম) সংখ্যাও কমতে লাগলো। ঐ তিন কাজে এক সাথে করতে পারার মতো কেউ রইলো না। সেজন্য ঐ তিন কাজের দায়িত্ব তিন দল ব্যক্তি বুঝে নিলেন। ইমান ও ফিকহী আহকাম প্রচার করার কাজ যাদের উপর ন্যস্ত হয়েছিল তারা হলেন মুজতাহিদ। আবার তাদের মধ্যে যারা ইমান প্রচারের দায়িত্বপ্রাপ্ত তারা হলেন মুতাকাল্লিমুন আর যারা ফিকহ প্রচারের দায়িত্বপ্রাপ্তগণ হলেন ফুক্বাহা। দ্বিতীয় কাজ অর্থাৎ কুরআন করিমের রুহানী জ্ঞান আগ্রহী মুসলমানদের মাঝে পৌছানোর দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন আহলে বায়তের বারো ইমাম (রাহমাতুল্লাহি তা‘য়ালা আলাইহিম) এবং তাসাউফের বুযুর্গগণ। সিররি সাক্বত্বী (ওফাত -২৫১/৮৭৬, বাগদাদ) ও জুনাইদ বাগদাদী (জন্ম-২০৭ / ৮২১, ওফাত-২৯৮/৯১১ বাগদাদ) তাঁদের দুজন (রাহমাতুল্লাহি তা‘য়ালা আলাইহিমা)। তৃতীয় কাজ শরিয়তের আইন কানুন বাধ্যবাধকতার সাথে বাস্তবায়নের দায়িত্ব সুলতান বা সরকারের উপর ন্যস্ত হয়েছিল। প্রথম শ্রেণীর জ্ঞানের শাখাকে বলা হয়-মাযহাব, দ্বিতীয় শাখাকে তরিকা3 এবং তৃতীয়টিকে হুকুক (বিচার ব্যবস্থা) বলা হয়। মাযহাব-যা ইমান নিয়ে আলোচনা করে তাকে বলা হয়-ইতিক্বাদ বা আক্বিদার মাযহাব। আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন-মুসলিমরা ইমানের দিক থেকে ৭৩টি দলে বিভক্ত হবে এবং তার মধ্যে কেবল একটি দল সঠিক পথে থাকবে এবং বাকিরা পথভ্রষ্ট। এবং সত্যিই তাই হয়েছে। যে দলকে সঠিক ইসলামের পথে থাকার সুসংবাদ দেওয়া হয়েছে তা হলো- আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বাকি যে ৭২ দলকে পথভ্রষ্ট বলে ঘোষণা করা হয়েছে তারা হলো আহলুল বিদ‘আহ-বা বাতিল ফিরকা। তাদের কেউই কাফির নয়। সবাই মুসলমান। কিন্তু কোনো মুসলিম যে এ বাকি ৭২ দলের যে কোনো একটির সাথে নিজেকে সম্পৃক্ত দাবি করে এবং কুরআনুল কারিমে, হাদিস শরিফে সুস্পষ্টভাবে ঘোষিত অথবা মুসলমানদের মাঝে ব্যাপকভাবে প্রসিদ্ধ কোনো বিষয় অস্বীকার করলে, সে কাফির সাব্যস্ত হবে। বর্তমানে এমনও লোক পাওয়া যাবে যাদের মুসলিম নাম আছে কিন্তু আহলুস সুন্নাহর মাযহাবের বিরোধিতা করে তারা বিদ‘আতী (পথভ্রষ্ট) বা অমুসলিমে পরিণত হয়েছে। হযরত আব্দুল হাকিম এফেন্দির উদ্ধৃতি এখানেই শেষ।
Dipnotlar
- কিমিয়ায়ে সাআদাত, ইমাম গাজ্জালী (রাহমাতুল্লাহি তা‘য়ালা আলাইহ) ইসলামের শ্রেষ্ঠতম আলিমদের মধ্যে একজন। তিনি শত শত কিতাব রচনা করেন। তাঁর লিখিত প্রতিটি কিতাবই সীমাহীন মূল্যবান। তিনি ৪৫০ হিজরি মোতাবেক ১০৬৮ খ্রিস্টাব্দে তৎকালীন তুস বর্তমানে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং সেখানেই ৫০৫ হিজরি মোতাবেক ১১১১ খ্রিস্টাব্দে ওফাত লাভ করেন। ↑
- সায়্যিদ আব্দুল হাকিম আরওয়াসি ১২৮১ হিজরি মোতাবেক ১৮৬৪ খ্রিস্টাব্দে বাশকাল'আতে জন্মগ্রহণ করেন এবং ১৩৬২ হিজরি মোতাবেক ১৯৪৩ খ্রিস্টাব্দে আঙ্কারায় ওফাতবরণ করেন। ↑
- ওলামায়ে আহলে সুন্নাত প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)'র দ্বিতীয় কাজটি শিখেছেন বারজন ইমাম (র)র কাছ থেকে ইলমে তাসাউফ সংগ্রহ করার মাধ্যমে। কিছু লোক আছে যারা আউলিয়া, কারামত, তাসাউফে বিশ্বাস করে না। তার মানে তাদের সাথে বার জন ইমামের সাথে কোনো সম্পর্ক নেই। যদি তারা আহলে বায়তকে অনুসরণ করতো, তারাও বারো ইমামের কাছে আল্লাহর রাসুলের ঐ দ্বিতীয় কাজ শিখতে পারতো এবং তাদের মাঝেও তাসাউফের আলেম ও আল্লাহর ওয়ালি পাওয়া যেতো। তাদের মাঝে এমন পাওয়াও যায় না এবং এমন আলেম থাকতে পারেন বলে তারা বিশ্বাসও করে না। নিঃসন্দেহে বারো জন ইমাম হলেন - আহলে সুন্নাতের ইমাম। আহলে সুন্নাতই আহলে বায়তকে ভালোবাসে এবং বারোজন ইমামকে অনুসরণ করে। একজন প্রকৃত ইসলামি শাস্ত্রজ্ঞ বা আলেম হওয়ার জন্য রাসুলুল্লাহর ঐ দুই কাজের উত্তরাধিকার থাকতে হবে অর্থাৎ জ্ঞানের ঐ দুই শাখায় বিশেষজ্ঞ হতে হবে। তেমনই একজন আলিম আব্দুল গনি নাবলুসী (র) তাঁর কিতাব 'আল হাদিকাতুন নাদিয়াত' এর ২৩৩ ও ৬৪৯ পৃষ্ঠায় কুরআন শরিফের রুহানী জ্ঞান সম্পর্কিত হাদিস আলোচনা করেছেন এবং দেখিয়েছেন যে এই জ্ঞানের অস্বীকার অজ্ঞতা ও দুর্ভাগ্যের আলামত। ↑