Hakikat Books
English
Preview: the booklet list is a draft awaiting approval. The text is taken unchanged from the book.

Faith and Truth

কিতাবসমূহের উপর ঈমান

From: Belief and Islam · 1 chapters ⏱ 8 min draft

Read the full book

Chapters in this booklet

  1. কিতাবসমূহের উপর ঈমান

কিতাবসমূহের উপর ঈমান

৩. ঈমান গ্রহণ আবশ্যক এমন ছয়টি বিষয়ের তৃতীয়টি হল: আল্লাহ্ তায়ালা যে সকল কিতাব নাযিল করেছেন সেগুলিকে বিশ্বাস করা। মহান আল্লাহ্ তায়ালা এই কিতাবসমূহকে কতিপয় পয়গম্বরের প্রতি হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম মারফত ওহী হিসেবে প্রেরণ করেছেন অর্থাৎ পাঠ করিয়েছেন, কোন পয়গম্বরের প্রতি 'লাওহা' বা ফলকে লিপিবদ্ধ করে পাঠিয়েছেন আর কোন পয়গম্বরের প্রতি ফেরেশতাদের মাধ্যমে না পাঠিয়ে সরাসরি গায়েবী আওয়াজের মাধ্যমে শুনিয়ে নাজিল করেছেন। এগুলির সবই আল্লাহ্ তা'আলার কালামের অন্তর্ভুক্ত। এই বিবেচনায় তা চিরন্তন ও চিরস্থায়ী এবং মাখলুকের অন্তর্ভুক্ত নয়। এগুলি কোন ফেরেশতা কিংবা পয়গম্বরের নিজের কথা নয়। আল্লাহ্ তা'আলার কালাম, আমরা যা লিখি বা মনে ধারণ করি কিংবা মুখে বলি সেরূপ কোন কালাম নয়। লেখায়, কথায় ও মনে বিদ্যমান থাকার মত নয়। তাঁর কালাম কোন বর্ণ বা আওয়াজ নয়। আল্লাহ্ তা'আলার এবং তাঁর সিফাতসমূহের প্রকৃতি মানুষের পক্ষে বুঝা অসম্ভব। কিন্তু এ কালাম যখন মানুষের নিকট আসে তখন তা পড়া যায়, লিখা যায় এবং মুখস্তও করা যায়। এ কালাম আমাদের সাথে হলে 'হাদিস' হয়। অর্থাৎ, আল্লাহ্ তা'আলার কালামের দুইটি রূপ রয়েছে; মানুষের সাথে থাকলে মাখলুক ও হাদিস হয়। আল্লাহ্ তা'আলার কালাম হিসেবে 'কাদিম' হয়।

আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাবসমূহের সবগুলিই হক্ব ও সঠিক। এতে কোন মিথ্যা বা ভুল হতে পারে না। আযাব দিব বলে ক্ষমা করে দেয়াটা জায়েজ হিসেবে উল্লেখ করা হলেও তা আমাদের না জানা কোন শর্ত অথবা তাঁর ইচ্ছার সাথে সম্পর্কিত। কিংবা এর অর্থ হবে, বান্দা আযাবের উপযুক্ত হওয়া সত্ত্বেও তিনি ক্ষমা করে দেন। আযাব বা শাস্তির ঘোষণাকারী কালাম, কোন কিছুর ব্যাপারে খবর প্রদানের জন্য নয়, তাই তিনি ক্ষমা করে দিলে তা মিথ্যা হবেনা। [আল্লাহ্ তায়ালা যে সবের ওয়াদা করেছেন, সে সব নিয়ামত থেকে বঞ্চিত করা জায়েজ না হলেও, তাঁর পক্ষে আযাবসমূহ ক্ষমা করে দেয়া জায়েজ হয়। আকল ও আয়াতে করীমা এরূপ হওয়ার প্রতিই নির্দেশ করছে।]

কোন অসঙ্গতি বা সমস্যা না থাকলে, আয়াতে করীমা ও হাদিস শরীফের স্পষ্ট অর্থই প্রদান করতে হয়। সাদৃশ্যপূর্ণ অন্য কোন অর্থ প্রদান করা জায়েজ নয়। (কুরআন করীম ও হাদিস শরীফ কুরাইশের ভাষা ও উপভাষায় বর্ণিত হয়েছে। কিন্তু এদের কালিমার অর্থ প্রদানের সময়, চৌদ্দশত বছর পূর্বে হিজাজে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থই প্রদান করতে হবে। সময়ের সাথে সাথে পরিবর্তিত হওয়া বর্তমানের অর্থ দিয়ে অনুবাদ করা সঠিক নয়।) মুতাশাবিহ নামক আয়াতে করীমাগুলিতে আমাদের বোধ শক্তির ঊর্ধ্বের গোপন অর্থ রয়েছে। এগুলির অর্থ কেবল মাত্র আল্লাহ্ তায়ালা জানেন, আর তিনি যাদেরকে ইলমে লাদুন্নী দান করেছেন, সে সকল কতিপয় নির্বাচিত বুজুর্গ ব্যক্তি ও আল্লাহর অলীগন তাদেরকে যতটুকু জানানো হয়েছে ততটুকু জানতে পারেন। অন্য কারো পক্ষে তা বুঝা সম্ভব নয়। একারণে, মুতাশাবিহ আয়াতসমূহকে আল্লাহ্র কালাম হিসেবে বিশ্বাস করতে হবে কিন্তু এর অর্থ অনুসন্ধান করা উচিত নয়। আশয়ারী মাজহাব অনুযায়ী তার সংক্ষিপ্ত বা বিস্তারিতভাবে তাওয়ীল করা জায়েজ। তাওয়ীল মানে, কোন কালিমার বিভিন্ন অর্থের মধ্য থেকে মশহুর নয় এমন অর্থকে গ্রহণ করা। উদাহরণস্বরূপ, সূরা ফাতহের নিম্নোক্ত আয়াতে করীমাটি (তাফসীর আলেমদের প্রদত্ত অর্থ) "আল্লাহ্র হাত তাদের হাতের উপর ছিল” আল্লাহ্ তা'আলার কালাম হিসেবে বিশ্বাস করতে হবে। আল্লাহ্ তায়ালা এর দ্বারা যাই মুরাদ করেছেন সেভাবেই বিশ্বাস করেছি বলা উচিত। এর অর্থ আমার পক্ষে জানা সম্ভব নয়, কেবল আল্লাহ্ তায়ালাই তা জানেন, বলাটা হল উত্তম পন্থা। অথবা এভাবে তাওয়ীল করা যে, আল্লাহ্ তা'আলার ইল্ম যেমন আমাদের মত নয়, তাঁর ইরাদা যেমন আমাদের মত নয়, তেমনিভাবে তাঁর হাতও সৃষ্টির হাতের মত নয়।

আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাবসমুহে, কিছু আয়াতের শুধুমাত্র তিলাওয়াত কিংবা শুধুমাত্র অর্থ অথবা উভয়ই এক সাথে 'নাসখ' করা হয়েছে, অর্থাৎ আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ আসমানী কিতাব হল কুরআন করীম। কুরআন করীমকে প্রেরণ করার পরে, পূর্বের সমস্ত আসমানী কিতাবের হুকুম 'নাস্খ' হয়ে গেছে। কুরআন করীমে কিয়ামত পর্যন্ত কখনোই কোন ভুল, বিস্মৃতি, সংযোজন বা বিয়োজন ঘটবে না। পূর্ববর্তী ও পরবর্তী সকল ইলম কুরআনের মাঝে নিহিত আছে। এ কারণেই কুরআন অন্যান্য আসমানী কিতাবের চেয়ে শ্রেষ্ঠ ও অধিক মুল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে বড় মুজিযা হল এই কুরআন করীম। সমগ্র মানব ও জ্বিন জাতি একত্রিত হয়ে পবিত্র কুরআনের সবচেয়ে ছোট একটি সূরার অনুরূপ কিছু রচনা করার চেষ্টা করলেও তাতে সফল হবেনা। তৎকালীন আরবের বিখ্যাত কবি, সাহিত্যিক, ভাষাবিদরা যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু একটি সংক্ষিপ্ত আয়াতের অনুরূপও রচনা করতে সক্ষম হয়নি। কুরআন করীমের মোকাবিলায় দাঁড়াতে পারেনি। হতভম্ব হয়ে গিয়েছিল। আল্লাহ্ তায়ালা ইসলামের দুশমনদেরকে কুরআন করীমের দ্বারা পরাভূত করেছেন। কুরআন করীমের বালাগাত মানুষের সাধ্যাতীত। মানুষের পক্ষে এর মত করে বলা অসম্ভব। কুরআন করীমের আয়াতসমূহ, মানুষের রচিত ছন্দ, পদ্য কিংবা গদ্যের মত নয়। একই সাথে আবার এই কুরআন করীম, আরব দেশের সাহিত্যিকদের ব্যবহৃত হরফসমূহের দ্বারাই নাযিল হয়েছে।

আসমানী কিতাবসমুহের মধ্য থেকে আমাদেরকে একশ চারটির ব্যাপারে অবহিত করা হয়েছে। এগুলির মধ্য থেকে দশটি 'সুহুফ' হযরত আদম আলাইহিস্ সালামকে, পঞ্চাশটি সুহুফ হযরত শীশ (শিত্) আলাইহিস্ সালামকে, ত্রিশটি সুহুফ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ও বাকী দশটি সুহুফ হযরত ইবরাহীম আলাইহিস্ সালামকে প্রদান করা হয়েছে বলে মশহুর হয়েছে। এছাড়া হযরত মুসা আলাইহিস্ সালামের প্রতি 'তাওরাত' হযরত দাউদ আলাইহিস্ সালামের প্রতি 'যাবুর', হযরত ঈসা আলাইহিস্ সালামের প্রতি 'ইনজিল' ও সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কুরআন করীমকে নাযিল করা হয়েছে।

একজন মানুষ কোন আদেশ কিংবা নিষেধ করার জন্য অথবা কিছু জিজ্ঞাসা করার জন্য বা কোন খবর প্রদানের জন্য ইচ্ছা করলে, প্রথমে তা মনে মনে চিন্তা করে, সাজায় ও প্রস্তুত করে। মনের মাঝে থাকা এই অর্থকে 'কালাম-ই নাফসী' বলা হয়। যাকে আরবী, ফারসী, ইংরেজি বা অন্য কোন ভাষার সাথে সম্পর্কিত করা যায় না। এই ভাবকে বিভিন্ন ভাষায় প্রকাশ করলে বিভিন্ন অর্থ বহন করবে না। মনের এ অর্থকে ভাষায় প্রকাশ করলে তাকে 'কালাম-ই লাফজী' বলা হয়। কালাম-ই লাফজী বিভিন্ন ভাষার হতে পারে। এর দ্বারা বুঝা যায় যে, কালাম-ই নাফসী হল অন্যান্য সিফাত যেমন জ্ঞান, ইচ্ছা, বাসার ইত্যাদির মত সত্তার মাঝেই নিহিত, বাসীত (অযৌগিক), অপরিবর্তনশীল, পৃথক একটি সিফাত। আর কালাম-ই লাফজী হল, এ কালাম-ই নাফসীকে প্রকাশকারী ও মানুষের কানে শোনা ও মুখ দিয়ে বলা হরফের সমষ্টি। অতএব আল্লাহ্ তা'আলার কালাম এমন যে তাতে কখনো নীরবতা নেই, যা কোন মাখলুক নয়, যাতের মাঝে নিহিত অনাদি ও অনন্ত এক সিফাত। যা সিফাতে যাতিয়্যা থেকে ও ইলম, ইরাদা এর মত সিফাতে সুবুতিয়্যা থেকে ভিন্ন, স্বতন্ত্র একটি সিফাত। কালাম সিফাতটিও বাসীত (অযৌগিক)। তা কখনো পরিবর্তিত হয় না। এর কোন হরফ বা আওয়াজ নেই। আদেশ, নিষেধ, খবর প্রদানের মত কিংবা আরবী, ফারসী, ইবরানী, সুরিয়ানী ইত্যাদির মত ভিন্ন ভিন্ন রূপ ধারণকারী নয়। আল্লাহ্ তা'আলার কালাম অবিভাজ্য। এর কোন কাঠামো নেই, তাই লেখা সম্ভব নয়। এর জন্য মস্তিষ্ক, কান বা জিহ্বার মত কোন মাধ্যমের প্রয়োজন নাই। যে ভাষাতেই ইচ্ছা প্রকাশ করা সম্ভব। এভাবেই আরবী ভাষায় বলা হলে তাকে কুরআন করীম বলা হয়, ইবরানী ভাষায় হলে তাওরাত আর সুরিয়ানী ভাষায় হলে 'ইনজিল' বলা হয়। ('শারহুল মাকাসিদ' কিতাবে গ্রীক ভাষায় ইনজিল আর সুরিয়ানী ভাষায় হলে 'যাবুর' বলা হয়েছে।)

কালাম-ই ইলাহী আমাদেরকে অনেক কিছু অবহিত করে। পূর্বে সংঘটিত বা ভবিতব্য কোনো ঘটনার বর্ণনা করলে তাকে 'খবর' বলা হয়। এরূপ না হলে তাকে 'ইনশা' বলা হয়। কোন কিছু করার আদেশ বুঝালে তাকে 'আমর্' আর কিছু করা থেকে নিষেধ করলে তাকে 'নাহি' বলা হয়। কালাম-ই ইলাহীর মাঝে কোন পরিবর্তন বা পরিবর্ধন হয় না। নাযিলকৃত সমস্ত আসমানী কিতাব ও সাহিফাসমূহ, আল্লাহ্ তা'আলার কালাম সিফাত থেকে আগত। কালাম সিফাত থেকে অর্থাৎ, কালাম-ই নাফসীর থেকে আগত। আরবী হলে তা কুরআন করীম হয়। হরফে ভর করা, যা লেখা যায়, বলা যায়, শুনা যায় ও মুখস্ত করা যায় এমন সারিবদ্ধভাবে নাযিল হওয়া ওহীকে 'কালাম-ই লাফজী' বা 'কুরআন করীম' বলা হয়। এই কালাম-ই লাফজী, কালাম-ই নাফসীর প্রতি নির্দেশ করে বিধায় একেও কালাম-ই ইলাহী বা সিফাত-ই ইলাহী বলা জায়েজ। এর সম্পূর্ণটিকে একত্রে কুরআন করীম বলা হয়, একইভাবে এর কোন অংশ বা আয়াতকেও কুরআন বলা হয়। কালাম-ই নাফসী যে মাখলুক নয়, বরং অন্যান্য সিফাতের মতই কাদিম সে ব্যাপারে সত্যপন্থী আলেমগণ একমত পোষণ করেছেন। তবে কালাম-ই লাফজী হাদিস না কাদিম এ ব্যাপারে মত বিরোধ রয়েছে। তবে যে সকল আলেম কালাম-ই লাফজীকে হাদিস হিসেবে গণ্য করেছেন, তাদের একাংশ এটাকে হাদিস বলতে নিষেধ করেছেন। কেননা এর দ্বারা মানুষ কালাম-ই নাফসীকেও হাদিস ভাবতে পারে। এটিই সর্বাধিক উপযুক্ত কথা। মানুষের চিন্তা শক্তি, কোন কিছুর প্রতি নির্দেশকারী কিছু শুনলে, তৎক্ষণাৎ এ জিনিস কল্পনা করে। আহলে সুন্নাত আলেমদের মধ্য থেকে কুরআন করীমকে যারা হাদিস বলেন তারা এর দ্বারা, আমাদের মুখ দিয়ে কুরআনের যে আওয়াজ বা হরফ উচ্চারিত হয় তাকে বুঝাতে চেয়েছেন। আর তা মাখলুক। তবে আহলে সুন্নাত আলেমগণ এব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন যে কালাম-ই লাফজী ও কালাম-ই নাফসী উভয়ই আল্লাহ্র কালাম হিসেবে বিবেচিত। এই কথাকে অনেকে মাযাজ হিসেবে গ্রহণ করলেও, এখানে কালাম-ই নাফসী আল্লাহ্ তা'আলার কালাম বলতে, আল্লাহ্ তা'আলার কালাম সিফাতকে বুঝানো হয়েছে। আর কালাম-ই লাফজী আল্লাহ্ তা'আলার কালাম বলতে, আল্লাহ্ তায়ালা এর খালেক তা বুঝানো হয়েছে। সওয়াল: উপরের আলোচনা থেকে বুঝা গেল যে, আল্লাহ্ তা'আলার আযালী কালাম শোনা সম্ভব নয়। আল্লাহ্র কালাম শুনেছি বলতে, তিলাওয়াতকৃত আওয়াজ বা কালিমা শুনেছি বুঝানো হয়। অথবা তিলাওয়াতকৃত আওয়াজ ও কালাম-ই নাফসী অনুধাবন করেছি বুঝানো হয়। সকল পয়গম্বর এমনকি সকল মানুষ এভাবে আল্লাহ্র কালাম শুনতে সক্ষম। তবে কেন হযরত মুসা আলাইহিস্ সালামকে আলাদাভাবে 'কালীমুল্লাহ' বলা হয়?

* শারহুল মাকাসিদ কিতাবটি সাদ্ উদ্দিন তাফতাযানী রচনা করেছেন।তিনি ৭৯২ হিজরীতে (১৩৮৯ খৃস্টাব্দে) সমরকন্দে ইনতিকাল করেছেন।

জবাব: হযরত মূসা আলাইহিস্ সালাম সাধারণ ইলাহী আদতের থেকে আলাদাভাবে হরফহীন ও আওয়াজহীনভাবে কালাম-ই আযালীকে শুনতে পেয়েছেন। জান্নাতে যেমন আল্লাহ্ তা'আলাকে না বুঝে দেখা যাবে যার ব্যাখ্যা অসম্ভব, তিনিও তেমনি বর্ণনাতীতভাবে আল্লাহ্র কালাম শুনেছেন। অন্য কেউ এভাবে শোনেনি। অথবা আওয়াজের মাধ্যমেই আল্লাহ্র কালাম শুনেছেন, তবে তা শুধুমাত্র কান দিয়ে নয় বরং শরীরের প্রতিটি কণার দ্বারা, সবদিক থেকে শুনেছেন। অথবা শুধুমাত্র বৃক্ষের দিক থেকে শুনেছেন, তবে তা আওয়াজের মাধ্যমে ছিল না। বাতাসের কম্পন কিংবা অন্য কোন মাধ্যমের দ্বারা শুনেন নি। তিনি এই তিন অবস্থার কোন একটির মাধ্যমে আল্লাহ্ তা'আলার কালাম শুনেছিলেন বিধায় তাঁকে 'কালীমুল্লাহ' বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজের রজনীতে এভাবেই কালাম-ই ইলাহী শুনেছেন। একইভাবে হযরত জিবরাঈল আলাইহিস্ সালামও ওহী নেয়ার সময় শুনেছেন।

This booklet in other languages

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsРусскийአማርኛFilipinoУкраїнськаAzərbaycancaČeštinaБългарскиދިވެހި

Share

WhatsAppTelegramE-mail